মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৯৯৬ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৩ হাজার ৫৮৬ জন।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের। এদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং আরেকজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৯১ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ১০৩ জন, খুলনা বিভাগের ২৬৩ জন, রাজশাহী বিভাগের ৩৬ জন, রংপুর বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের ১৩৪ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।
অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ হাজার ২৭১ জন, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৭৪১ জন, চট্টগ্রাম বিভাগের ৫ হাজার ২০২ জন, খুলনা বিভাগের ৫ হাজার ৪৪ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৭০৩ জন, রংপুর বিভাগের ৮৮০ জন, বরিশাল বিভাগের ৫ হাজার ৫৮৩ জন এবং সিলেট বিভাগের ১৬২ জন রোগী রয়েছেন।
এছাড়া চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৯৫ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১০১ জন।
এএইচ




