শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

হামলায় আহত অধ্যাপককে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

হামলায় আহত অধ্যাপককে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সহযোগিতার আশ্বাস
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২১ আগস্ট) রাত নয়টার দিকে ঢাকা মেডিকেলে যান তিনি। এসময় আহত চিকিৎসকের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতা আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।

চিকিৎসকের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্ত নিশ্চিত করা আমাদের বড় অগ্রাধিকার। প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলে প্রতিটি উপজেলায় ১০ জন করে অস্ত্রধারী আনসার এবং ব্যাটালিয়ন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

এই চিকিৎসকের উপর হামলার ঘটনাকে চাঁদাবাজির ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়। এমনকি ঘটনার পরও মুঠোফোনে হুমকি ও বার্তার মাধ্যমে চাঁদা দাবি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।’

চিকিৎসকদের নিরাপত্তাহীনতা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসকদের সুনির্দিষ্ট সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে এই হামলার পেছনে চাঁদাবাজির বাইরে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেম্বার শেষে রিকশায় ওঠার সময় ৪/৫ জন সন্ত্রাসী অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। হামলায় তার মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর