দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৩৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) ১১৫ জন, ঢাকা বিভাগে (মহানগরে বাহিরে) ২১ জন, বরিশাল বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনায় বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৫ হাজার ৩৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্ত ১২ হাজার ৭৮ জন।
তবে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।
এরআগে, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
এছাড়া ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
এসএইচ/এএম




