দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মারা গেছে ৮২৯ জন শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি হয়েছে ৯২৮ জন শিশুর।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, হাম উপসর্গে নতুন মৃত্যুর ঘটনা তিন জেলায়। এরমধ্যে ঢাকা ১, সিলেট ১ ও খুলনায় ১ জন শিশু রয়েছে।
হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গের নতুন রোগী এসেছে ৯৪০ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৬৪ জনের। আর হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৬ জন শিশু।
হাম প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এএম




