শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, দ্রুত চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, দ্রুত চালুর নির্দেশ
সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে ব্যবহার না করে ফেলে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও পরে সাভার উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না; সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না। এজন্যই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিদর্শনকালে ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিনে বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তিনি আরও জানান, সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি কেবল স্থানীয়দের জন্য নয়, এটি সারাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকরা এখান থেকে প্রশিক্ষণ পাবেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর