বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

‘ফাঁকফোকড় দিয়ে পাস করা যায়, ভালো ডাক্তার হওয়া যায় না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ এএম

শেয়ার করুন:

‘ফাঁকফোকড় দিয়ে পাস করা যায়, ভালো ডাক্তার হওয়া যায় না’
প্রধান অতিথি ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: ঢাকা মেইল

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফাঁকফোকড় দিয়ে পরীক্ষায় পাস করা সম্ভব হলেও এভাবে কখনো ভালো মানের ডাক্তার হওয়া যায় না। শুধু চিকিৎসক নয়, একজন দক্ষ প্রকৌশলী বা যেকোনো পেশায় সফল হতে হলে যোগ্যতা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের বিকল্প নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাজধানীর জাতীয় জাদুঘরে দিনাজপুর সাংবাদিক সমিতির আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রায় ৬৫০ শিক্ষার্থী অংশ নেন। তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সফল ক্যারিয়ার গড়তে জিনিয়াস হওয়া জরুরি নয়। ধৈর্য, কমিটমেন্ট এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে একজন সাধারণ মেধার মানুষও নিজের পেশায় সফল হতে পারেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান তরুণদের চিন্তা-ভাবনা দেশকে এগিয়ে নেওয়ার শক্তি রাখে। শুধু একটি জেলা বা উপজেলার উন্নয়ন নয়, পুরো দেশকে সামনে এগিয়ে নিতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

RR1

ডা. জাহিদ হোসেন বলেন, ভালো ক্যারিয়ার গড়তে সবার আগে ভালো মানুষ হতে হবে। পাশাপাশি পরিবার থেকে অর্জিত নৈতিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি তৈরি হলে রাষ্ট্রের দায়িত্ব হবে তাদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

তিনি শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এমন লক্ষ্য নির্ধারণ করতে হবে যাতে ভবিষ্যতে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম এবং দিনাজপুর সাংবাদিক সমিতির সহ-সভাপতি জাকারিয়া মণ্ডল। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, আইটি বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর