শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

৫ হাজার চিকিৎসকের পদ সৃজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

Health ministry

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পদ সৃজনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরমধ্যে ৪৭০০ পদ এমবিবিএসের এবং ৩০০ পদ বিডিএসের জন্য রাখা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা মেইলকে এসব তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


এর আগে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৪) সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের অধীনে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ, ৫০ শয্যা হতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ, জেলা সদর হাসপাতালসমূহকে জেলা ভেদে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রম সমাপ্ত হলে সেবা প্রদান অব্যাহত রাখতে চিকিৎসক নিয়োগ প্রয়োজন। 

47171
মন্ত্রণালয়ের চিঠি

 

 

মন্ত্রণালয় জানায়, প্রতি বছর চিকিৎসকের একটি অংশ পোস্ট গ্রাজুয়েশনে অধ্যয়নরত থাকেন। সেই অনুযায়ী প্রান্তিক সেবা কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক প্রতি বছর অবসর গ্রহণ করে থাকেন, যা প্রতিনিয়ত চিকিৎসক শূন্যতা তৈরি করছে। এ প্রেক্ষাপটে দেশের জনগণের দোরগোড়ায় নিবিড়ভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংকট উত্তরণে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পাঁচ হাজার চিকিৎসক (সহকারী সার্জন/সমমান ৪৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০) নিয়োগের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নির্দেশনা দিয়েছেন। 

‘এমতাবস্থায় দেশের জনগণের দোরগোড়ায় নিবিড়ভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংকট উত্তরণে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পাঁচ হাজার চিকিৎসকের পদ সৃজনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব আগামী ১৪ জুন ২০২৬ তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’, বলা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর