শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ যুগান্তকারী পদক্ষেপ: ড্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ যুগান্তকারী পদক্ষেপ: ড্যাব

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণের বেশি বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১২ জুন) এক যৌথ বিবৃতিতে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল কৃতজ্ঞতা জানান।


বিজ্ঞাপন


তারা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। এই বরাদ্দ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ।

ড্যাব নেতারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ। সেই তুলনায় এবারের বাজেটে প্রায় দ্বিগুণ বরাদ্দ প্রমাণ করে যে বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে রাষ্ট্র পরিচালনার অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

একইসঙ্গে এটি স্বাস্থ্যখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে একটি প্রাথমিক পদক্ষেপ বলেও তারা উল্লেখ করেন।

বিবৃতিতে তারা বলেন, উন্নত স্বাস্থ্যব্যবস্থা, রাষ্ট্র সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থার যে অঙ্গীকার বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের সামনে তুলে ধরেছিল, স্বাস্থ্যখাতে এই অভূতপূর্ব বিনিয়োগ সেই জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শনের বাস্তব প্রতিফলন। একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠনে স্বাস্থ্যসেবা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে দৃষ্টান্ত বর্তমান সরকার স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।


বিজ্ঞাপন


ড্যাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যখাতে বাড়তি এই বরাদ্দ সার্বজনীন স্বাস্থ্যসেবা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ-ইউএইচসি) বাস্তবায়নকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সর্বোপরি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক সমাজ সরকারের ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর