সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

‘ইন্টার্নদের কর্মঘণ্টা বেশি কেন, জবাব চাই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

Medical
ইন্টার্ন শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকা মেইল

‘ইন্টার্নদের কর্মঘণ্টা বেশি কেন, জবাব চাই’, স্লোগানে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধিসহ ৬ দফা দাবি জানান তারা।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল ভবনের সামনে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


বিক্ষোভকালে ‘ইন্টার্নদের কর্মঘণ্টা বেশি কেন, জবাব চাই’ স্লোগান ছাড়াও ‘ডাক্তারদের অপমান, মানি না মানব না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ইন্টার্নদের কর্মবিরতি চলছে চলবে’, প্রভৃতি শ্লোগান দেন মেডিকেল শিক্ষার্থীরা।

সমাবেশকালে মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা ঘরে ফিরে যাবে না।

এদিকে ৬ দফা দাবি আদায়ে গত ৭ জুন (রোববার) কর্মবিরতি শুরু করেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা। একই দিন থেকে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে। এ নিয়ে সোমবার (৮ জুন) ইন্টার্ন চিকিৎসকদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরই মধ্যে আজ কর্মবিরতি শুরু করেছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও।

তাদের ৬ দফা দাবি—


বিজ্ঞাপন


১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালাসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করতে হবে।

২. বিএমইউ, বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০-১০০০ টাকার মধ্যে আনতে হবে।

আরও পড়ুন

‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’

৩. নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০,০০০ টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আনুষঙ্গিক ভাতাসহ ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করতে হবে।

৪. ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে।

৫. বিসিএস স্বাস্থ্য চাকরি প্রবেশের বয়স সীমা পূর্বের ন্যায় জেনারেল দের চেয়ে ২ বছর বেশি অর্থাৎ ৩৪ করতে হবে।

৬. বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে (শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগ এবং পে-স্কেলের আদর্শ মেনে)।

এসএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর