শুধু চিকিৎসাসেবার ওপর নির্ভর না করে মানসিক স্বাস্থ্য উন্নয়নে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস.এম. জিয়াউদ্দিন হায়দার।
রোববার (৭ জুন) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির নাগরিক অধিকার ও কাঠামোগত সংস্কার’ শীর্ষক জাতীয় পরামর্শসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
জিয়াউদ্দিন হায়দার বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শুধু চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। প্রাতিষ্ঠানিক কাঠামো, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ব্যবস্থাপনাকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এসব ক্ষেত্রে সংস্কার করা গেলে মানসিক স্বাস্থ্য পরিস্থিতিরও উন্নতি সম্ভব।
তিনি আরও বলেন, দেশের মেডিকেল শিক্ষাক্রম এখনো অনেকটাই পুরোনো ধাঁচের। এটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু এমবিবিএস নয়, মেডিকেল শিক্ষার সব স্তরের কারিকুলাম পর্যালোচনা করে সেখানে মানসিক স্বাস্থ্য বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দেশে মানসিক স্বাস্থ্যসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে সীমিত সংখ্যক হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যায়। দেশে মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যাও অপ্রতুল।
শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুলগুলোতে শিশুদের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নৈতিক শিক্ষার বিষয়টি পুনরায় গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথাও ভাবা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পারিবারিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। পরিবার ও সমাজকে শক্তিশালী না করা গেলে মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, দেশে মানসিক রোগে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ মানুষ চিকিৎসার বাইরে রয়েছেন। শুরুতেই রোগ শনাক্ত ও চিকিৎসার আওতায় আনা জরুরি হলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, দেশে বর্তমানে মাত্র ৩০৫ জন মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রায় ৫০০ জন সাইকোলজিস্ট রয়েছেন। এত সীমিত জনবল দিয়ে বিপুল জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।
সভায় উপস্থিত ছিলেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান, হিরোজ ফর অলের নির্বাহী পরিচালক ড. রেহনুমা করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহজাবিন হক, হিরোজ ফর অলের মুছা করিম রিপন প্রমুখ।
এসএইচ/এএস




