রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় ৬ শিশুর মৃত্যু ঘটনায় প্রতিষ্ঠানটিকে করা শোকজের জবাব দিতে প্রতিষ্ঠানটিকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সরকার।
রোববার (৭ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের ডিজি বলেন, আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল শোকজের জবাব দেয়ার জন্য। সময় হওয়ার আগেই তারা ৪৮ ঘণ্টা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধিদফতরে এসেছিল।
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আমরা আদ্-দ্বীন হাসপাতালকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছি, এরমধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে হবে।
এর আগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদফতর ৪ জুন কারণ দর্শানোর নোটিশ দেন। এর জবাব দিতে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নতুন করে ৪৮ ঘণ্টা বৃদ্ধির ফলে শোকজের জবাব দেওয়ার জন্য ৯ জুন বিকেল পাঁচটা পর্যন্ত সময় পেল আদ্-দ্বীন হাসপাতাল।
বিজ্ঞাপন
এসএইচ/এএস




