রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।
এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতর থেকেও নতুন একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। উভয় কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে, বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে আদ্-দ্বীন হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র।
ঘটনার পর হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও অধিদফতরে অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কর্মকর্তারা।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর পৃথকভাবে তদন্ত করছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঈদের আগে ঘটে যাওয়া ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমি নিজে হাসপাতাল পরিদর্শন করেছি এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে।
এসএইচ/এএস




