প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশে হাম ও এর উপসর্গে বিপুল সংখ্যক শিশুর মৃত্যু সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার। বছরের পর বছর অবহেলার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত রুগ্ন অবস্থায় রয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, মানুষের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল এ খাত। সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্যখাতে জিডিপির অন্তত ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক না করে প্রতিরোধমূলক ব্যবস্থায় রূপান্তর করতে চাই। প্রতিটি ওয়ার্ডে একটি করে ইউনিট গড়ে তোলা হবে, যেখানে মানুষ প্রাথমিক সেবা পাবে।
আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ডা. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, হাম হওয়ার কারণ বর্তমান নয়, এটি অতীত সরকারের দায়। টিকা কার্যক্রম ও তথ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, শিশুদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্টিবডি তৈরি হয় না।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেটা সিস্টেম ধ্বংস করা হয়েছে। এটি পুনর্গঠনে ব্যাপক কাজ করতে হবে এবং সক্ষমতা বাড়াতে হবে।
সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর




