দেশে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। গত ১২ মাসে হাসপাতালে ভর্তি হওয়া ক্যান্সার রোগীদের গড় চিকিৎসা ব্যয় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৩৮ টাকা। কোনো কোনো ক্ষেত্রে এ ব্যয় সর্বোচ্চ ৮ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিআইডিএস’র জনসংখ্যা অধ্যয়ন বিভাগের ‘বাংলাদেশে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অপূর্ণতা এবং ব্যক্তিগত ব্যয়ে চিকিৎসার গতিপ্রকৃতি পুনর্বিবেচনা’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএস’র রিসার্চ ফেলো ড. মো. আব্দুর রাজ্জাক।
বিজ্ঞাপন
গবেষণায় বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় গড়ে ব্যয় হয়েছে ১ লাখ ৩১ হাজার ৭০৯ টাকা। হৃদরোগে আক্রান্ত রোগীদের গড় ব্যয় ৯৯ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া লিভারের রোগে চিকিৎসা ব্যয় গড়ে ৭৮ হাজার ৯৩৪ টাকা এবং জন্ডিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ব্যয় ৭৬ হাজার ৪৫৩ টাকা।
মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট রোগে গড়ে চিকিৎসা ব্যয় হয়েছে ৬৯ হাজার ১৯১ টাকা। কিডনি রোগে আক্রান্ত রোগীদের গড় ব্যয় ৬৩ হাজার ২৭১ টাকা এবং নিউমোনিয়ায় ব্যয় হয়েছে ৫৮ হাজার ১১৭ টাকা।
নারীদের বিভিন্ন রোগে চিকিৎসা ব্যয় গড়ে ৪৮ হাজার ৫৬২ টাকা। দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে চিকিৎসা ব্যয় হয়েছে ৪৪ হাজার ৩৬২ টাকা। আমাশয়ে গড়ে ব্যয় ৪৩ হাজার ৭১৯ টাকা এবং উচ্চ রক্তচাপে চিকিৎসা নিতে গড়ে ব্যয় হয়েছে ৩৫ হাজার ৫২৯ টাকা।
এ ছাড়া নাক, কান ও গলার সমস্যায় গড়ে ৩২ হাজার ৮৪১ টাকা এবং পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ৩২ হাজার ৩৬৬ টাকা ব্যয় হয়েছে। চোখের সমস্যায় চিকিৎসা ব্যয় ৩০ হাজার ৯১২ টাকা এবং যক্ষ্মায় ৩০ হাজার ৫২ টাকা।
বিজ্ঞাপন
শ্বাসতন্ত্রের রোগে চিকিৎসা ব্যয় গড়ে ২৫ হাজার ৭৭১ টাকা। গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি রোগীদের ব্যয় ২৪ হাজার ২৩৮ টাকা। দুর্বলতা বা মাথা ঘোরার সমস্যায় ব্যয় হয়েছে ২৩ হাজার ২৫৩ টাকা।
ম্যালেরিয়ায় গড়ে চিকিৎসা ব্যয় হয়েছে ২২ হাজার ৩৬৫ টাকা এবং টাইফয়েডে ২০ হাজার ৭১০ টাকা। বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ব্যয় হয়েছে ১৯ হাজার ২১৮ টাকা।
মৃগীরোগে চিকিৎসা ব্যয় গড়ে ১৭ হাজার ৩৪৮ টাকা। ডায়রিয়াজনিত সংক্রমণে ১০ হাজার ৪৭৩ টাকা এবং চর্মরোগ বা খোসপাঁচড়ায় ৯ হাজার ৮১২ টাকা ব্যয় হয়েছে।
এদিকে দাঁতের সমস্যায় গড়ে চিকিৎসা ব্যয় হয়েছে ৮ হাজার ৪৮১ টাকা এবং জ্বরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ব্যয় ৭ হাজার ৭৩৫ টাকা।
গবেষণা বিশ্লেষণে বলা হয়েছে, জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসায় ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগে চিকিৎসা ব্যয়ের চাপ ক্রমেই বাড়ছে।
এএইচ/এফএ




