সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

dr. sahin Alam
ডা. মো. শাহিদুল হাসান। -ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাসপাতালটিতে মালামাল চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) হাসপাতালের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়, ডা. শাহিদুল হাসান পিসি হাফিজুল ইসলামকে ডেকে হাসপাতাল থেকে হুন্দাই কোম্পানির মালামাল বের করার মৌখিক নির্দেশ দেন। তবে এ বিষয়ে কোনো লিখিত আদেশ আছে কি না, তা তিনি যাচাই করেননি। এছাড়া, মালামাল প্রকল্পের হলেও প্রকল্প পরিচালক ও পরিচালক (এসএসএইচ) উপস্থিত থাকা সত্ত্বেও তাদের বিষয়টি অবহিত করা হয়নি।

এই মৌখিক নির্দেশনার ভিত্তিতে সেদিন সন্ধ্যায় দুই ট্রাক মালামাল হাসপাতাল থেকে বের হয়ে যায়। পরে রাত ১১টার দিকে আরও চার ট্রাক মালামাল বের করার সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলেও তখনও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাননি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে আসায় ডা. শাহিদুল হাসানের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, অধ্যাদেশ ও প্রবিধানের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ধারা তার ওপর প্রযোজ্য হবে এবং সে অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার চাকরি নিয়ন্ত্রিত হবে এবং এই আদেশ জারির তারিখ থেকেই সাময়িক বরখাস্ত কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২১ এপ্রিল এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর