রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজ করার প্রস্তাব
নাসের রহমান ফেসবুকে ডিও লেটারের কপি এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে তা হস্তান্তরের ছবি পোস্ট করেন। ছবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিও দেখা যায়।

মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ও প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের কাছে দেওয়া এক ডিও লেটারে (আধা সরকারিপত্র) নাসের রহমান এ প্রস্তাব তুলে ধরেন।


বিজ্ঞাপন


ডিও লেটারে বলা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও খালি জায়গা ব্যবহার করে সহজেই একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন সম্ভব। হাসপাতালের পেছনের (পূর্ব দিকে) ফাঁকা জায়গায় একাধিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের সুযোগ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব কোণায় থাকা পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ করা যেতে পারে।

এতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের উদ্যোগে নির্মিত তিনতলা নার্স ট্রেনিং সেন্টার এরইমধ্যে বিদ্যমান থাকায় প্রকল্প বাস্তবায়ন আরও সহজ হবে বলে ডিও লেটারে উল্লেখ করা হয়। কেবল নার্সদের জন্য একটি বহুতল আবাসিক হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

সংসদ সদস্য নাসের রহমান বলেন, ‘বিদ্যমান মূল হাসপাতাল ভবনে আরও দুই তলা যুক্ত করা এবং পুরাতন ভবন সংস্কারের মাধ্যমে শয্যা সংখ্যা ৪০০ তে উন্নীত করা সম্ভব। এতে ব্যয়ও তুলনামূলকভাবে কম হবে।’তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন প্রস্তাবিত নতুন মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তুলনায় মৌলভীবাজারে এই প্রকল্প বাস্তবায়নে কম ব্যয় হবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব।’

এ বিষয়ে দ্রুত একটি সমন্বিত প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন নাসের রহমান।


বিজ্ঞাপন


এদিকে এমপি নাসের রহমানের ডিও লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী একই দিন সচিব বরাবর স্বাক্ষর করে পত্রটি পাঠিয়েছেন। 

গত সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নাসের রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে ডিও লেটারের কপি এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে তা হস্তান্তরের ছবি পোস্ট করেন। ছবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিও দেখা যায়।

ফেসবুক পোস্টে নাসের রহমান লেখেন, ‘মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা। সেই দাবির বিষয় আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।’  

সংসদ সদস্য বলেন, ‘আশা করি মৌলভীবাজারবাসীর এই দাবি আর দীর্ঘদিন অপেক্ষায় থাকবে না। খুব শিগগিরই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে, ইনশা আল্লাহ।’

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর