বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম

শেয়ার করুন:

bmu

দেশের স্বাস্থ্যখাতে টেকসই নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত প্রয়োজন বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’ প্রতিপাদ্যে এই সেমিনার শুরু হয়।


বিজ্ঞাপন


সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডা. কামার উদ্দিন মুজাক্কির। তিনি তার মূল বক্তব্যে বর্তমান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ, বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর আলোকপাত করেন। 

তিনি বলেন, স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, মুগদা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, ইবনে সিনা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, বিএমইউর রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু।


বিজ্ঞাপন


আয়োজকরা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক ও জাতীয় স্বাস্থ্য পরিস্থিতিতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের প্রথিতযশা চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

বিসিএস হেলথ ফোরামের সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর-উল আলম সোহেল ও এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লবর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক ও ডা. একেএম ওয়ালীউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. আতিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. এমজি ফারুক হোসেন, ডা. মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিন, অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান।

এসএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর