শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের মিষ্টতায় থাকুক দাঁতের সুরক্ষা

ডা. তানজিমুল ইসলাম
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

ঈদের মিষ্টতায় থাকুক দাঁতের সুরক্ষা

ঈদ মানেই আনন্দ, মিলনমেলা আর নানা রকম সুস্বাদু মিষ্টান্নের আয়োজন। সেমাই, পায়েস, মিষ্টি, জিলাপি, রসগোল্লা কিংবা চকলেট—এসব খাবার ছাড়া যেন ঈদের আনন্দই অসম্পূর্ণ। তবে অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে দাঁতের ক্ষতির ঝুঁকিও বেড়ে যায়।
 
মিষ্টিজাতীয় খাবারে থাকা চিনি দাঁতের উপর প্লাক তৈরি করে, যা ব্যাকটেরিয়ার মাধ্যমে এসিডে পরিণত হয়ে দাঁতের এনামেল ক্ষয় করে। এর ফলে ক্যাভিটি, দাঁতের সংবেদনশীলতা, এমনকি মাড়ির বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে।
 
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ তারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে এবং অনেক সময় দাঁত পরিষ্কার করতে অনিহা প্রকাশ করে। অভিভাবকদের উচিত শিশুদের অতিরিক্ত মিষ্টি খাওয়া নিয়ন্ত্রণ করা। পাশাপাশি, রাতে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করা। তাই ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি নিজের দাঁতের সুরক্ষার দিকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি, সাথে অতিরিক্ত মিষ্টি খাওয়ার পরিবর্তে কম চিনি যুক্ত খাবার বেছে নেওয়া ভালো।
 
teeth

মিষ্টি খাওয়ার পরপরই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কুলি করা উচিত। দিনে অন্তত দুইবার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, সাথে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা।


বিজ্ঞাপন


এছাড়া অনেক সময় আমরা মিষ্টি খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করি, যা সবসময় ভালো নয়। কারণ মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর মুখে সাময়িকভাবে এসিডিক পরিবেশ তৈরি হয়। তাই অন্তত ২০–৩০ মিনিট পর দাঁত ব্রাশ করা উত্তম, যাতে এনামেল ক্ষতির ঝুঁকি কমে।
 
ঈদের ব্যস্ততার মাঝেও নিয়মিত পানি পান করা এবং মুখ শুকনো না রাখা গুরুত্বপূর্ণ। পানি মুখের ভেতরের খাদ্যকণা দূর করতে সাহায্য করে এবং লালা উৎপাদন বাড়ায়, যা দাঁতকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। পাশাপাশি, চিনিমুক্ত চুইংগাম চিবানোও কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে।
 
এছাড়া যাদের আগে থেকেই দাঁতের সমস্যা রয়েছে—যেমন ক্যাভিটি বা মাড়ির রোগ- তাদের উচিত ঈদের পরে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া। এতে করে ছোট সমস্যা বড় আকার নেওয়ার আগেই সমাধান করা সম্ভব।

তাহলেই ঈদের মিষ্টতার ভেতরেও দাঁত থাকবে মজবুত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর।
 
লেখক: লেকচারার, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর