শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (৭ মার্চ) তিনি বস্তি এলাকায় সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী কড়াইল বস্তিতে অবস্থিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘আলো ক্লিনিক’ পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


ক্লিনিকের ডিজিটাল ডাটাবেজ, রোগী নিবন্ধন প্রক্রিয়া এবং পেপারলেস প্রেসক্রিপশন পদ্ধতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বস্তিবাসীর জন্য এমন আধুনিক ও ডিজিটাল সেবা সত্যিই অনুকরণীয়। বস্তিবাসীর সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বস্তিবাসীকে অবহেলা নয়, তাদের প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো। এ সময় প্রতিমন্ত্রী ডিজিটাল সিস্টেমে পরীক্ষার রিপোর্ট ও রোগীর ইতিহাস সংরক্ষণ কার্যক্রমগুলো ঘুরে দেখেন।

পরবর্তীতে এনজিও সিএসএফ গ্লোবাল পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের ‘হিউম্যান ব্রিজ’ বা ‘মানবিক সেতু’ হিসেবে আখ্যায়িত করেন।

ড. এম এ মুহিত বলেন, প্রতিবন্ধী হওয়া কোনো সমস্যা নয়; আসল সমস্যা হলো আমাদের সমাজ পদে পদে যে বাধার সৃষ্টি করে সেটি। সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের নিয়ে আসার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা আমাদের সম্মিলিতভাবে দূর করতে হবে।

প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের পথ সুগম করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। সরকার এবং এনজিওগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমেই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারি।

পরিদর্শনকালে সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর