শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ডায়াবেটিস সচেতনতা দিবস শনিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

Diabetes Awareness Day
ডায়াবেটিস সচেতনতা দিবস

আগামীকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার ডায়াবেটিস সচেতনতা দিবস। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন’। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবস ও সমিতির ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- এদিন সকাল সাড়ে ৮টায় সচেতনতামূলক শ্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান (রোডশো), বারডেমের পাশে ওভারব্রিজের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত হবে এই কর্মসূচি। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ কর্মসূচি আয়োজন করা হবে।  সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (৪র্থ তলা) অনুষ্ঠিত হবে হৃাসকৃতমূল্যে  হার্ট ক্যাম্প। পাশাপাশি বেলা ১১টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এদিকে সকাল সাড়ে ১২ টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) দিবসটির মূল আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য অধ্যাপক ইমেরিটাস ডা. হাজেরা মাহতাব। বক্তব্য রাখবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো.ফারুক পাঠান।

এছাড়া বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ৭০ বছর পূর্তি উপলক্ষে সাতদিনব্যাপী অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি রোববার নানা অনুষ্ঠানের মাধ্যমে একযোগে বারডেম, বিআইএইচএস জেনারেল হাসপাতাল, এনএইচএন ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালসহ বাডাসের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি সকাল ৯টায় বারডেম হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত ‘বাডাস-এর ৭০ বছরের অর্জন’ শীর্ষক তথ্যবিনিময় কেন্দ্র উদ্বোধন করা হয়। বারডেম জেনারেল হাসপাতালের আউটডোরের সামনে স্থাপিত দৃষ্টিনন্দন তথ্যবিনিময় কেন্দ্র উদ্বোধন করেন সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য অধ্যাপক ইমেরিটাস ডা. হাজেরা মাহতাব এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ আলী।

বারডেমের শাহবাগস্থ ক্যাম্পাস ছাড়াও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অপর প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের মিরপুর কেন্দ্রে এবং দারুস সালামে বিআইএইচএস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে তথ্যবিনিময় কেন্দ্র স্থাপন করা হয়েছে। বারডেম ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী ও রোগীরা ছাড়াও হাজার হাজার মানুষ এসব কেন্দ্র পরিদর্শন করছেন এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অফলাইন ও অনলাইনে কুইজ প্রতিযোগিতা চলবে এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রতিদিন ৩৫ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে। এসব অনুষ্ঠান ছাড়াও ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কান্তি’র বিশেষ সংখ্যা ও সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে বলে সমিতির পরিচালক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) ফরিদ কবির জানিয়েছেন।

/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর