বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আয়ুর্বেদিক চিকিৎসায় অনিয়ম রোধে সারাদেশে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

আয়ুর্বেদিক চিকিৎসায় অনিয়ম রোধে সারাদেশে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সারাদেশের প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান, ভুয়া চিকিৎসক, অবৈধ চিকিৎসাকেন্দ্র ও ওষুধের অনিয়ম দমন হবে এই কমিটির প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হোমিও ও দেশজ চিকিৎসা শাখার পরিচালক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


দেশের বিকল্প চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ পাওয়ার পর এই কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ এবং যথাযথ লাইসেন্স নিশ্চিত করতে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পর্যায়ের এই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন। সদস্য হিসেবে থাকবেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিভিল সার্জনের মনোনীত কর্মকর্তা।

কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:

১. জেলার সব ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র পরিদর্শন ও তদারকি করা।


বিজ্ঞাপন


২. লাইসেন্স, রেজিস্ট্রেশন, অনুমোদনপত্র যাচাই করা এবং অনিয়ম শনাক্ত করা।

৩. ভুয়া চিকিৎসা সেবা, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগ তদন্ত করা।

৪. মাসে অন্তত একবার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে রিপোর্ট পাঠানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা।

স্বাস্থ্য অধিদপ্তর চিঠিতে আরও উল্লেখ করে, বিকল্প চিকিৎসা সেক্টরে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করা এবং রোগীদের নিরাপদ সেবা নিশ্চিত করতেই এই সার্বিক উদ্যোগ। প্রতিটি জেলাকে দ্রুত কমিটি গঠন করে কার্যক্রম শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

জারি করা আদেশ তাৎক্ষণিক বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে পাঠানো হয়েছে।

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর