‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের নাম ও কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল বা অসাধু চক্র অধিদফতরের নাম ও কর্মকর্তার স্বাক্ষর নকল করে ই-মেইলের মাধ্যমে উপজেলা পর্যায়ে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫, মহাখালী, ঢাকা’ নামে একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে লোক নিয়োগের ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ জাল ও বিভ্রান্তিকর।
স্বাস্থ্য অধিদফতর স্পষ্টভাবে জানিয়েছে, এই প্রতিষ্ঠানের সঙ্গে অধিদফতরের কোনো ধরনের সংযোগ নেই। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন নয়, এমনকি এটি সরকারের কোনো অনুমোদিত প্রকল্পও নয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতেও এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। কিছু অসাধু চক্র ভুয়া প্রতিষ্ঠান বা প্রকল্পের নামে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।
জনগণকে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতর বলেছে, এ ধরনের ভুয়া নিয়োগসংক্রান্ত তথ্য কোথাও দেখলে বা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানাতে হবে।
অধিদফতর আরও জানিয়েছে, সরকারি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া ও মাধ্যম অনুসরণ করা হয়। অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদফতরের নিজস্ব ওয়েবসাইট ও নির্ভরযোগ্য জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। তাই কোনো নিয়োগসংক্রান্ত তথ্য যাচাই না করে বিশ্বাস করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া এই ধরনের জালিয়াতি থেকে নিজেদের রক্ষা করতে এবং অন্যদের সচেতন করতে স্বাস্থ্য অধিদফতর সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে এ ধরনের প্রতারণামূলক কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
এসএইচ/এইউ




