বলিউডে দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন ইমরান হাশমি। ক্যারিয়ারের শুরুতে রোম্যান্টিক চরিত্র দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে শুধু খ্যাতিই নয়, গড়েছেন বিপুল সম্পত্তিও। মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট থেকে গোয়ার পেন্টহাউস, লোনাভালার ভিলা— সব মিলিয়ে কত টাকার মালিক এই অভিনেতা?

ইমরানের আয়ের প্রধান উৎস অভিনয়। সিনেমায় অভিনয়ের পারিশ্রমিকের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা থেকেও আয় করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি বলে ধারণা করা হয়। তবে এটি তাঁর প্রকাশিত কোনো আর্থিক বিবরণী নয়। বরং বিভিন্ন সূত্রের ভিত্তিতে তৈরি গণমাধ্যমের অনুমান।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য ইমরান প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে পারিশ্রমিক নেন প্রায় ২ কোটি রুপি।
ইমরানের সম্পত্তির বড় অংশজুড়ে রয়েছে আবাসন ও রিয়েল এস্টেট। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তাঁর একটি বিলাসবহুল চার কক্ষের অ্যাপার্টমেন্ট রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি রুপি।

বাড়ির ভেতরের সৌন্দার্য বৃদ্ধির জন্য আধুনিক কিন্তু সাধারণ নকশাকে গুরুত্ব দেওয়া হয়েছে। হালকা রঙের ব্যবহার, কাঠের কাজ, খোলামেলা জায়গা, ব্যক্তিগত জিম এবং বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো পাঠাগার তার বাড়ির বিশেষ আকর্ষণ। স্ত্রী পারভিন শাহানি ও ছেলে আয়ানের সঙ্গে এই বাড়িতে বসবাস করেন অভিনেতা।
মুম্বাইয়ের বাইরে গোয়াতেও সম্পত্তি রয়েছে ইমরান হাশমির। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে সমুদ্রের কাছাকাছি একটি চারতলা বিলাসবহুল পেন্টহাউস কিনেছিলেন তিনি। সেখানে সুইমিং পুল, জিম ও একটি ছাদবাগান রয়েছে। সম্পত্তিটির মূল্য প্রায় ১০ কোটি রুপি।

এ ছাড়া মহারাষ্ট্রের পর্যটনকেন্দ্র লোনাভালায় প্রায় ১২ কোটি রুপি মূল্যের একটি ভিলা রয়েছে। শুটিংয়ের ব্যস্ততা থেকে বিরতি পেলে এসব জায়গায় সময় কাটাতে পছন্দ করেন অভিনেতা।
বিলাসবহুল গাড়ির প্রতিও আগ্রহ রয়েছে ইমরানের। তাঁর সংগ্রহে রয়েছে লাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ-মেবাখ এস৫৬০, অডি এ৮ এল এবং রেঞ্জ রোভার ভোগ। এসব গাড়ির মূল্য প্রায় ১৩ কোটি রুপির বেশি।
২০০৩ সালে ‘ফুটপাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন ইমরান। এরপর ‘মার্ডার’, ‘জান্নাত’, ‘গ্যাংস্টার’, ‘আওয়ারাপন’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ও ‘টাইগার থ্রি’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ইমরান অভিনীত নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’। আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ ও অপারশক্তি খুরানা। সিনেমাটিতে রোম্যান্স, অ্যাকশন ও সংগীতের সমন্বয় রয়েছে।
অভিনয়, বিজ্ঞাপন ও বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগের মাধ্যমে আর্থিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছেন ইমরান হাশমি। বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি ভারতীয় রুপি।
ইএইচ/




