ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন মালয়ালম সিনেমার পরিচালক লিজু কৃষ্ণ। ভারতের কেরালার এর্নাকুলামের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। ২০২২ সালে দায়ের হওয়া মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে মুক্তি পেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে এক নারী লিজু কৃষ্ণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২০ সালে কেরালার কাক্কানাডের একটি ফ্ল্যাট তাঁকে একাধিকবার যৌন নির্যাতন করেন পরিচালক। অভিযোগকারী নারী সিনেমার চিত্রনাট্য তৈরির কাজেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের মার্চে কান্নুরে ‘পদভেট্টু’ সিনেমার শুটিং সেট থেকে লিজু কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারের কারণে সিনেমার শুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে তিনি জামিনে মুক্তি পান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আদালত তাঁকে খালাস দিয়েছেন।
আদালতের রায়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লিজু দাবি করেন, মামলাটির কারণে গত পাঁচ বছর ধরে তাঁকে ও তাঁর পরিবারকে চরম সুসময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।
লিজু বলেন, ‘সত্যের জয় হয়েছে। ২০২২ সালের মার্চে সিনেমার শুটিংয়ের শেষ দিনে আমাকে শুটিং লোকেশন থেকে গ্রেফতার করা হয়েছিল। গত পাঁচ বছর আমার ও আমার পরিবারের জন্য এক ভয়াবহ সময় ছিল। এই পাঁচ বছর নিজের পেশাগত কাজ চালিয়ে যেতে পারিনি। মামলার কারণে আমাদের জীবনে অসংখ্য ক্ষতি হয়েছে।’
পরিচালক আরও বলেন, ‘এখন আর কোনো বিরোধে জড়াতে চাই না। তবে প্রকৃত নির্যাতনের শিকার নারীরা যেন ন্যায়বিচার পান।’
লিজু কৃষ্ণ পরিচালিত ‘পদভেট্টু’ তাঁর প্রথম সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন শাম্মি থিলাকান, রেম্যা সুরেশ ও অদিতি বালান।
২০১৯ সালের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হলেও করোনাভাইরাস মহামারির কারণে নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়। পরে ২০২২ সালের মার্চে শুটিং শেষ হয়। একই বছরের অক্টোবরে সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি।
ইএইচ/




