কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ পরিচালিত বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া প্রায় পাঁচ লাখ টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন রাফি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে এসে তিনি একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। সেখানে কয়েকজন নারীকে সৌন্দর্যচর্চার কাজও শেখাতেন তিনি।
নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাব উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তাঁর ভাই। বর্তমানে নাঈম গ্রিসে রয়েছেন।
রোহেনা বলেন, ‘আমার ভাই বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে নাঈমকে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিল গ্রিসে যাওয়ার জন্য। কিন্তু নাঈম বিদেশে যাওয়ার পর সেই টাকা আর ফেরত দিচ্ছিল না। গত ২৬ নভেম্বর রাতে ভাই তাকে ফোন করে পাওনা টাকা ফেরত চেয়েছিল। কিন্তু সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে ভাই খুব ভেঙে পড়েছিল। ঋণের টাকা কীভাবে পরিশোধ করবে, তা নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকত।’
পারফেক্ট বিউটি পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিনকে প্রায়ই তাঁর এক বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে ফোন করতে দেখেছেন তিনি। ওই বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য আল আমিন ধারদেনা করে টাকা দিয়েছিলেন বলে জানতেন তিনি।
বৃষ্টি বেগম বলেন, ‘আল আমিন ভাইকে প্রায়ই ওই বন্ধুর কাছে টাকা চাইতে ফোন করতে দেখতাম। তিনি বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য ধারদেনা করে টাকা দিয়েছিলেন। তবে কত টাকা দিয়েছিলেন, সেটা আমার জানা নেই। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল বলেও আমার জানা নেই। তবে দেনা-পাওনা নিয়ে তাঁকে অনেক দুশ্চিন্তায় থাকতে দেখেছি।’
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইএইচ/




