নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। প্রিয় মানুষকে হারিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী সুষমা সরকার। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শুকুকে আইরন লেডি আখ্যা দিয়ে তাঁর সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
সুষমা লিখেছেন, ‘শুকু আপা তুমি ছিলে যোদ্ধা, তুমি ছিলে আমাদের আইরন লেডি। কোনো সমস্যাই তুমি বিচলিত হতে না। এমন কি ক্যানসার যুদ্ধেও তোমাকে ভেঙে পড়তে দেখিনি। শুকু আপা কতো কথা বাকি রয়ে গেলো, কতো কাজ বাকি রয়ে গেলো, তোমার অগ্নি, শান্তি, সাধু তোমাকে ছাড়া কেমন করে থাকবে?’
সুষমা আরও লিখেছেন, ‘তোমার বাসায় আর হাজারো কথার ফুলঝুরি বসবে না। এটাসেটা রান্না করে বলবে না দেখো তো খেয়ে কি এটা, কেমন খেতে।’
ব্যক্তিগত আলাপচারিতা ছাড়াও নাটক সিনেমা নিয়েও শুকুর সঙ্গে নিয়মিত কথা হতো সুষমার। সেই সময়গুলো আগামীতে আর কখনও ফিরে আসবে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী। বলেন, ‘কথা হবে না গাছ নিয়ে। কথা হবে না নাটক সিনেমা নিয়ে। কোনো আচারটা কীভাবে বানালে আর জানতে চাওয়া হবে না। আর কোনো কথাই হবে না।’
সবশেষে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘তোমার কষ্টের অবসান হলো। এবার শান্তিতে ঘুমাও। আর কোনো কষ্টই তোমাকে স্পর্শ করতে পারবে না। ঘুমাও শুকু আপা… ঘুমাও। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’
উল্লেখ্য, মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করছেন।
ইএইচ/




