জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকুকে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা নেওয়া হয় তাঁর মরদেহ। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে তাঁর প্রথম জানাজা। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
মাতিয়া বানু শুকুর শেষ বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠজন ও সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ফজরের নামাজের পর শুক্রবার ভোর ৬টায় মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে রাখা হবে। এরপর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জুমার নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। প্রয়োজনে সেখানেও আরেকটি জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাতিয়া বানু শুকু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি কিডনির জটিলতাতেও ভুগছিলেন এই নির্মাতা। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে সেখান থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হলে সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মাতিয়া বানু শুকু ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। মধ্যবিত্ত মানুষের জীবন, পারিবারিক সম্পর্ক এবং সমাজের নানা বাস্তবতা তাঁর নির্মাণে উঠে এসেছে।
২০২১ সালে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। তাঁর মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।




