ভারতের জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘সিআইডি’র ইনস্পেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা বিবেক মাশরু। প্রায় ছয় বছর ধরে এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন।
বিবেকের অভিনয়জীবনের শুরুটাও ছিল বেশ চমকপ্রদ। ২০০৬ সালে ‘অপারেশন তালাশ’ নামের এক প্রতিযোগিতার মাধ্যমে ‘সিআইডি’তে সুযোগ পান বিবেক। শুরুতে মাত্র তিন মাসের চুক্তিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। পর্দায় তাঁর অভিনয় দর্শকদের ভালো লাগায় বারবার বাড়ানো হয় চুক্তির মেয়াদ। শেষ পর্যন্ত প্রায় ৫০০ পর্বে ইনস্পেক্টর বিবেক চরিত্রে অভিনয় করেন তিনি।
তবে ২০১২ সালের জুনে, মাত্র ২৯ বছর বয়সে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিবেক। তাঁর মনে হয়েছিল, টেলিভিশনের গুরুত্ব একসময় কমে যাবে। তখন দর্শক থাকবে। তাই নতুন করে নিজেকে আবিষ্কারের বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে। লম্বা সফর শেষে আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ থেকে উচ্চতর ডিগ্রী নেওয়ার জন্য পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখান পড়াশোনার পাশাপাশি সামলেছেন বাবার ব্যবসা। পরে ডেটা সায়েন্স ও বিজনেস অ্যানালিটিকস নিয়েও পড়াশোনা করেন।
২০২৩ সালের জুনে বিবেকের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি। ক্যাপশনে লেখাছিল, ‘যদি এই মানুষটিকে চিনতে পারেন, তা হলে আপনার ছোটবেলাটা দারুণ কেটেছে।’ এরপরই নস্টালজিয়ায় ভাসেন ‘সিআইডি’র দর্শকরা। অনেকে জানতে চান, অভিনেতা বিবেক এখন কোথায়, কী করছেন?

অনেকেই দাবি করেছিলেন বিবেক বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। পরে সিএমআর গ্রুপ অব ইনস্টিটিউশনে কৌশল ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন বিবেক। প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ, ফাইন্ড ফেস্টিভ্যালের পরিকল্পনা এবং এক্যা নাভার সূচনার পেছনেও ভূমিকা রাখেন তিনি।
এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান রালেকন-এ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। ২০২৬ সালের মে পর্যন্ত দায়িত্ব পালনের পর কিছুদিন বিরতি নেন। পরে একই প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে ফিরে আসেন। বর্তমানে ব্যবসার প্রসার, নতুন গ্রাহক তৈরি, পুরোনো গ্রাহকদের ধরে রাখা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
অভিনয় ছেড়ে দেওয়ার পরও বিবেকের প্রতি ভক্তদের ভালোবাসা কমেনি। ২০২৩ সালে তাঁর পুরোনো ছবি ভাইরাল হওয়ার পর অভিনয়ে ফেরার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু অভিনেতা জানিয়েছিলেন, আপাতত ক্যামেরার সামনে ফেরার কোনো পরিকল্পনা নেই।




