বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাতে বিচ্ছেদের ঘোষণা, পরে উধাও ন্যান্সির পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

রাতে বিচ্ছেদের ঘোষণা, পরে উধাও ন্যান্সির পোস্ট

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসার জীবনে আবারও ভাঙন। তৃতীয়বারের মতো দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। 

তবে রাতে বিচ্ছেদের ঘোষণা দেওয়া স্ট্যাটাসটি বৃহস্পতিবার সকাল থেকে তাঁর টাইমলাইনে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সকালে পোস্টটি সরিয়ে নিয়েছেন ন্যান্সি। ফলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

বিচ্ছেদের খবর জানিয়ে বুধবার রাত পৌনে ১০টার দিকে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তবে এবার দুজনেরই আলাদাভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান গায়িকা। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ন্যান্সি বলেন, ‘জীবনের নতুন অধ্যায় নিয়ে আমি আশাবাদী। জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে সঙ্গী করে আমিও নতুনভাবে পথচলা শুরু করতে চাই।’

সবশেষে তিনি লেখেন, ‘দীর্ঘদিন ধরে যাঁরা আমার পাশে ছিলেন, ভালোবেসেছেন এবং সমর্থন দিয়েছেন, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আমার ব্যক্তিগত সিদ্ধান্তের সময়ে সবার ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

২০২১ সালের আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারের বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেছিলেন তাঁরা। পাঁচ বছরের দাম্পত্যজীবনে তাঁদের ঘরে আসে এক কন্যাসন্তান। 

এর আগেও দুটি বিয়ে হয়েছিল। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর