দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। ঘরের মাটিতে আয়োজিত ৭৫তম মিস ইউনিভার্সের জমকালো আসরে ১১৬টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার ব্যারেটো।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে বসেছিল চূড়ান্ত আসর। গ্র্যান্ড ফিনালেতে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশের হাত থেকে বিজয়ের মুকুট গ্রহণ করেন এই সুন্দরী।

সুইমস্যুট, ইভনিং গাউনসহ প্রতিযোগিতার কঠিন ধাপ পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন পুয়ের্তো রিকো, ডমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত চূড়ান্ত লড়াইয়ে বিচারকদের মন জয় করে সেরার মুকুট পরেন জেনিফার।
এই জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট অর্জন করল পুয়ের্তো রিকো। দেশটি এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিযোগিতার আয়োজক দেশের মর্যাদা পেয়েছে। এর আগে ২০০৬ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল দেশটি। এছাড়া ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-দেউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস এবং ২০০১ সালে ডেনিস কুইনোনেস পুয়ের্তো রিকোকে বিশ্বসুন্দরীর সম্মান এনে দিয়েছিলেন।
কে এই জেনিফার ব্যারেটো?
কেবল কৌতূহল থেকে সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন জেনিফার ব্যারেটোর। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এর ৯ মাসের ব্যবধানে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতে নিলেন ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো।
এই জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছেন জেনিফার। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ‘মা’ হিসেবে মিস ইউনিভার্সের মুকুট পরলেন তিনি। সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে তার। জেনিফারের স্বামী স্বামী জঁ কার্লোস ব্যারেটো।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সুন্দরী প্রতিযোগিতার কোনো অভিজ্ঞতাই ছিল না জেনিফারের। আন্তর্জাতিক সাময়িকী ‘হোলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত জুন মাসে ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো ২০২৬’ খেতাব জিতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার টিকিট পান। জাতীয় প্রতিযোগিতায় নামার আগে নিজেকে প্রস্তুত করতে প্রায় ৩২ কেজি ওজন কমিয়েছিলেন তিনি।
মনোবিদ্যায় পড়াশোনায় করেছেন জেনিফার। মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য। বিশেষ করে নারী ও পরিবারগুলোর মধ্যে মানসিক সুস্থতা নিয়ে খোলামেলা কথা বলার পরিবেশ তৈরিতে কাজ করছেন তিনি। এছাড়া পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবেও যুক্ত আছেন এই বিশ্বসুন্দরী।
২০২১ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন বেসামরিক কর্মী হিসেবে কাজ করছেন। সেখানে সামরিক পরিবারগুলোকে সহায়তা প্রদান, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। সেরা পাঁচে জায়গা করে নেওয়া অন্য তিন প্রতিযোগী হলেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস (দ্বিতীয় রানারআপ), ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালেতে দর্শক ভোটে পিছিয়ে পড়ায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।
ইএইচ/




