মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ১২-এ জায়গা পেলেন না ভারতের প্রতিনিধি কাজিয়া লিজ মেজো। ১৯ বছর বয়সী তরুণী আইন বিভাগের শিক্ষার্থী। সেরা ৩০-এ জায়গা পেলেও চূড়ান্ত পর্বের সেরা ১২-এর দৌড় থেকে ছিটকে পড়েছেন তিনি।
এবারের আসরে সেরা ১২-এ জায়গা করে নিয়েছেন চিলি, ডমিনিকান রিপাবলিক, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কিউবা, পুয়ের্তো রিকো, ফিলিপাইন, কলম্বিয়া, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ফ্রান্সের প্রতিযোগীরা।

গত আগস্টে ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট জেতেন কাজিয়া লিজ মেজো। কেরালা থেকে প্রথম নারী হিসেবে মিস ইউনিভার্সের অংশ নিয়েছিলেন কাজিয়া। নভেম্বরের প্রথম সপ্তাহে ডিজাইনার সামন্ত চৌহানের নকশা করা ১ লাখ ৪০ হাজার রুপি মূল্যের একটি শাড়ি পরে পুয়ের্তো রিকোয় মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নিতে রওনা হন কাজিয়া।
ভারতের প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্যাশ পরার উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে কাজিয়া লিখেছিলেন, ‘বছরের পর বছর ধরে হৃদয়ে লালন করা একটি স্বপ্ন; আনন্দ, সংশয়, অশ্রু আর ঘামের প্রতিটি মুহূর্ত আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। এই মুহূর্তটি আমি আজীবন বয়ে বেড়াব।’

তিনি আরও লিখেছিলেন, “আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া’ হিসেবে স্যাশ পরলাম। এই মুকুট আমার চেয়েও বড়। আমি কথা দিচ্ছি এতে আমার সবটুকু উজাড় করে দেব। ভারত, তোমাদের মেয়ে প্রস্তুত।”
প্রতিযোগিতার প্রতিটি ধাপে নিজের শেকড় ও সংস্কৃতিকে তুলে ধরেন কাজিয়া। ব্যক্তিগত সাক্ষাৎকার পর্বে তিনি কেরালার ঐতিহ্যবাহী কাসাভু শাড়ির অনুপ্রেরণায় তৈরি গাউন পরেন। এ প্রসঙ্গে মিস ইউনিভার্স ইন্ডিয়ার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে লেখা হয়, ‘কেরালার কাসাভু শাড়ি থেকে অনুপ্রাণিত এবং সম্পূর্ণ নিখুঁত হাতের কাজে ফুটিয়ে তোলা পোশাকের প্রতিটি অংশে স্মৃতি জড়িয়ে আছে। আমার চুলের গাজরাটি সেই শুরুর দিনটির প্রতি শ্রদ্ধাঞ্জলি, যেদিন আমার প্রথম অফিশিয়াল হেডশট তোলা হয়েছিল। হাতের চুড়িটি দেশ ছাড়ার দিন পরা সেই চুড়ি। আর কানের দুলগুলো আমার পূর্বসূরির। প্রতিটি জিনিস আমাকে এখানে নিয়ে আসার পেছনের গল্পে বহন করছে।’
ইএইচ/




