মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ধর্মেন্দ্রকে হারানোর এক বছর, হেমা বললেন তাঁকে ছাড়া জীবনটা শূন্য 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

ধর্মেন্দ্রকে হারানোর এক বছর, হেমা বললেন তাঁকে ছাড়া জীবনটা শূন্য 

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও চিরসবুজ ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রকে হারানোর এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রয়াত স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী। 

image

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে হেমা মালিনী লেখেন,  ‘একটি বছর দ্রুত কেটে গেল, কিন্তু আমার শোকের তীব্রতা বিন্দুমাত্র কমেনি। আমি এমন একজন মানুষকে হারিয়েছি, যা এক বিশাল ও অপূরণীয় ক্ষতি। তিনি কেবল আমার স্বামী ছিলেন না—তিনি ছিলেন আমার সবকিছু। আমার বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, আমার শক্তির উৎস। সংক্ষেপে বলতে গেলে, তিনি ছিলেন আমার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তাঁকে ছাড়া জীবনটা বড় শূন্য মনে হয়।’

তিনি আরও লেখেন, ‘তাঁর বিশাল ব্যক্তিত্ব, তাঁর সহজাত ভালো মানুষ হওয়ার গুণ—যা তাঁর সত্তার প্রতিটি কোণায় মিশে ছিল—তাঁকে পরিচিত সবার প্রতি ভালোবাসায় পূর্ণ করে তুলেছিল। তিনি এমন একজন অনন্য মানুষ ছিলেন, যিনি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও মাটির কাছাকাছি ছিলেন এবং নিজের শিকড়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ছিলেন।’

বিয়েতে ধর্মের বাঁধা, ইসলাম গ্রহণে বাধ্য হন হেমা মালিনী-ধর্মেন্দ্র

ধর্মেন্দ্রর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফও। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘মৃত্যুবার্ষিকীতে পরম শ্রদ্ধায় স্মরণ করছি ধরম জি-কে। আপনি সবসময় আমাদের হৃদয়ে আছেন।’

ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিন শতাধিক সিনেমা উপহার দিয়েছেন ধর্মেন্দ্র। সুদর্শন চেহারা, ভরাট কণ্ঠস্বর, দুর্দান্ত অ্যাকশন, রোমান্টিক উপস্থিতি ও সহজাত হাস্যরস তাঁকে খুব সহজে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছিল। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’ ও ‘সত্যকাম’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। পরবর্তী সময়ে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ এবং ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমাতেও তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। মৃত্যুর পর মুক্তি পেয়েছে তাঁর শেষ সিনেমা ‘ইক্কিস’।

image

ব্যক্তিজীবনেও নানা আলোচনায় ছিলেন এই অভিনেতা। ১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্র। তাঁদের চার সন্তান সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল ও অজিতা দেওল। পরবর্তী সময়ে ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই মেয়ে এষা দেওল ও অহনা দেওল।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর