চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে কয়েক প্রজন্মকে বুঁদ করে রেখেছেন দেশের রক সংগীতের মহাতারকা নগরবাউল জেমস। নিজের অমর সৃষ্টিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘জেমস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ফাউন্ডেশনটি।
বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধনের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, দীর্ঘদিনের পরিকল্পনা থেকে ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে বড় পরিসরে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
কী কী কাজ করবে এই ফাউন্ডেশন— এমন প্রশ্নের জবাবে রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘দেশের মানুষের অগাধ ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকে নগরবাউলের এই উদ্যোগ। মূলত দুটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। প্রথমত, জেমসের সৃষ্টিশীল কাজ ও গানগুলো যেন বিকৃত না হয়ে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, সে জন্য একটি স্থায়ী আর্কাইভ বা সংরক্ষণাগার তৈরি করা। দ্বিতীয়ত, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। তবে পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে সংগীতে পথচলা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের পরিক্রমায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। চার দশক পেরিয়ে আজও মঞ্চে সমানতালে ঝড় তুলছেন তিনি।
বর্তমানে দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন জেমস। দীর্ঘদিন নতুন কোনো অ্যালবাম প্রকাশ না পাওয়ায় ভক্তদের মধ্যে আক্ষেপ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, নতুন গান নিয়ে তাঁর পরিকল্পনা আছে, তবে টানা কনসার্টের ব্যস্ততার কারণে স্টুডিওতে পর্যাপ্ত সময় বের করতে পারছেন না।
ইএইচ/




