মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

এক দশক পর জবির মঞ্চে জেমস, গাইলেন জনপ্রিয় যেসব গান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

এক দশক পর জবির মঞ্চে জেমস, গাইলেন জনপ্রিয় যেসব গান
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মঞ্চে উঠলেন বিখ্যাত নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে সোমবার (২ নভেম্বর) রাতে একের পর এক জনপ্রিয় গান গেয়ে মাতালেন হাজারো দর্শক-শ্রোতাকে। প্রিয় শিল্পীকে দেখতে ও তার গান শুনতে ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  জড়ো হতে থাকেন ভক্তরা। রাত সাড়ে ৮টার দিকে জেমস মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক-শ্রোতারা। তার গানের সঙ্গে কণ্ঠ মেলান অনেকেই। একের পর এক জনপ্রিয় গানে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

কনসার্টে জেমস গেয়ে শোনান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’, ‘কবিতা’, ‘দিওয়ানা দিওয়ানা তুমি বুঝলানা’, ‘মা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘ছন্নছাড়ার দল’, ‘চোখের দেখায় মনের দেখা হয়’ ও ‘ভালোবাসে তোমরা তাকে কী বলবে’। এ ছাড়া ‘আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা’, ‘মীরাবাঈ’, ‘আমি তারায় তারায় রটিয়ে দিব’ ও ‘পাগলা হাওয়ার তলে’সহ আরও কয়েকটি গান পরিবেশন করেন তিনি।

প্রিয় শিল্পীর গান শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক-শ্রোতারা। অনেকেই মুঠোফোনে গান ও কনসার্টের মুহূর্ত ধারণ করেন। পুরো সময়জুড়েই ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ।

কনসার্টে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগত দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের শহীদ মিনার ও মুক্তমঞ্চের সামনে স্থাপন করা হয় দুটি জায়ান্ট স্ক্রিন। এ ছাড়াও, ক্যাম্পাসের বাহিরে  বাহাদুর শাহ পার্কেও বহিরাগত দর্শনার্থীদের জন্য একটি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়।

এর আগে,  বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যে দীপ্তপ্রাণ ঐক্যবদ্ধ জবিয়ান’। সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। পরে আনন্দ র‍্যালি, চারুকলা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এর ধারাবাহিকতায় রাতে মঞ্চে ওঠেন জেমস।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ক্যাম্পাসে ঘোষণাফলক উন্মোচন করেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর