আততায়ীর আতংকে বলিউড। গেল কয়েক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় একের পর এক তারকা। তার হুমকি ধামকিতে তটস্ত বি-টাউন। গেল ১৮ অক্টোবর টাইগার শ্রফের হামলার ঘটনা ঘটে। এরপর থেকে বলিউডের একাধিক তারকাকে নিশানা করে হুমকিবার্তা আসতে শুরু করে। গত এক মাসে অমিতাভ বচ্চন, সাইফ আলী খান, আয়ুষ্মান খুরানা, তুষার কাপুর এবং গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা প্রাণনাশের হুমকি পেয়েছেন।
কখনও সরাসরি ফোনে টাকা দাবি, কখনও ভয়েস মেসেজ অথবা ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠলেও সরাসরি তাদের যোগসূত্র পাওয়া যায়নি। এদিকে টাইগার শ্রফের ওপর হামলার পর কয়েকজন তারকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
যেভাবে হুমকি পেয়েছেন পাঁচ তারকা
অমিতাভ বচ্চন: বাড়িতে হামলার হুমকি

গত এক মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’ লক্ষ্য করে তিনবার বোমা হামলার হুমকির ই-মেইল পাঠানো হয়। প্রথম ইমেইলটি আসে ২৩ অক্টোবর। সেখানে ‘জলসা’ ও মুম্বাইয়ের মেয়রের অফিসে হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এরপর ৬ নভেম্বর দ্বিতীয় ই-মেইলে ‘জলসা’, বোম্বে হাইকোর্ট ও বোম্বে স্টক এক্সচেঞ্জের পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলার কথা উল্লেখ করা হয়। সর্বশেষ ১২ নভেম্বর তৃতীয় হুমকি আসে। এ ঘটনায় দিল্লি পুলিশ দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
সাইফ আলী খান: বাবা সিদ্দিকির মতো পরিণতির হুমকি

গত ১৯ নভেম্বর সাইফ আলী খানের ফোনে একটি ভয়েস মেসেজ আসে। সেখানে গ্যাংস্টার জিশান আখতারের নাম ব্যবহার করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অডিও বার্তায় বলা হয়, রাজনীতিক বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে তাঁর। উল্লেখ্য, ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ে গুলিতে নিহত হন বাবা সিদ্দিকি। তাঁর হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত জিশান আখতার এখনও পলাতক রয়েছেন। সাইফের কাছে পাঠানো হুমকিটি সত্যিই জিশান দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করেছেন তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
তুষার কাপুর: ৫ কোটি টাকা দাবি

গত ৪ নভেম্বর হুমকি পান অভিনেতা তুষার কাপুর। তাঁর কাছে পাঠানো একটি ভয়েস মেসেজে নিজেকে গ্যাংস্টার হ্যারি বক্সার পরিচয় দিয়ে ৫ কোটি রুপি দাবি করেন ওই ব্যক্তি। টাকা না দিলে বিপদের মুখে পড়তে হবে বলেও জানানো হয়। ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন তুষার। বিষয়টি নিয়ে তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, ভয়েস মেসেজের কণ্ঠের সঙ্গে হ্যারি বক্সারের আগের হুমকির কণ্ঠের মিল নেই। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানায়, টাইগার শ্রফের ঘটনার পর সাধারণ মানুষের মনে তৈরি হওয়া আতঙ্ককে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। যদিও অভিযুক্ত এখও গ্রেফতার করা সম্ভাব হয়নি।
আয়ুষ্মান খুরানা: সামাজিক মাধ্যমে হুমকি
তুষারের ঘটনার পর জানা যায়, একই দিনে অভিনেতা আয়ুষ্মান খুরানাকেও হুমকি দেওয়া হয়েছে। হুমকির সঙ্গে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। এ ঘটনায় বেঙ্গালুরু থেকে বৈভব মিশ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তিনি আইআইটির সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। তদন্তকারীদের ধারণা, ভয় দেখানোর উদ্দেশ্যে তিনি এমন বার্তা পাঠিয়ে থাকতে পারেন। তাঁর সঙ্গে কোনো গ্যাংয়ের যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দিলজিৎ দোসাঞ্জ: কনসার্টে আত্মঘাতী হামলার হুমকি

গত ২৩ অক্টোবর অমিতাভের পাশাপাশি গায়ক দিলজিৎ দোসাঞ্জকেও হুমকি দেওয়া হয়। মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষের কাছে পাঠানো সেই ই-মেইলে ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্টে আত্মঘাতী হামলার কথা বলা হয়। এর আগেও একাধিকবার খালিস্তানপন্থী অপরাধী চক্রের নাম জড়িয়ে ইমেইলের মাধ্যমে দিলজিতকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। তবে হুমকিকে তোয়াক্কা না করে নির্ধারিত কনসার্টগুলোতে অংশ নিয়েছেন তিনি।
ইএইচ/




