আততায়ীর আতংকে বলিউড। গেল কয়েক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় একের পর এক তারকা। তার হুমকি ধামকিতে তটস্ত বি-টাউন। এখানেই শেষ না। কাউকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, কেউ হারিয়েছেন প্রাণ।
এবার মেগাস্টার অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’, মুম্বাইয়ের মেয়রের কার্যালয় এবং জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়ের দফতরের একটি ই-মেইল হুমকির বার্তা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মেইলটিতে উগ্রপন্থী স্লোগান লেখা ছিল। এতে জানানো হয়, মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্টে আগামী ২৭ অক্টোবর দিলজিতের যে কনসার্ট হওয়ার কথা রয়েছে, সেখানে হামলা চালানো হবে। একই সঙ্গে অমিতাভ বচ্চনের বাড়িতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়।
এর আগে নিরাপত্তাজনিত সমস্যার কারণে ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিতের কনসার্টটি বাতিল করে দিয়েছিল দিল্লি পুলিশ। এবার মুম্বাইয়ের কনসার্ট ঘিরেও নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভাব হয়নি। এর আগে দিল্লির বেশ কয়েকটি নামীদামী স্কুলে একই ধরনের হুমকির মেইল পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই হামলায় টাইগার বেঁচে গেলেও তাঁর গাড়িচালক মারাত্মকভাবে আহত হন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল হামলার দায় স্বীকার করে।
হামলার ঘটনার পর পুলিশ তদন্তে নামলে জানতে পারে, টাইগারের ওপর হামলার আগে অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার ও রণবীর কাপুরের বাড়ির আশপাশে গিয়ে নজরদারি করেছিল দুষ্কৃতকারীরা। তবে অমিতাভের বাড়িতে কড়া পাহারা থাকায় তখন তারা সুবিধা করতে পারেনি।
এবার সরাসরি মেয়রের মেইলে অমিতাভের বাড়ি ও দিলজিতের শো উড়িয়ে দেওয়ার হুমকি আসায় পুরো মুম্বাই শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইএইচ/




