ফেসবুক স্টোরিতে একটি নবজাতকের ছবি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বৃহস্পতিবার রাতে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর বুকে জাপটে বসে আছে শিশুটি৷ ধারণা করা হচ্ছে, মা হয়েছেন অভিনেত্রী।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও উত্তর মেলেনি। তবে সন্তান জন্মের বিষয়টি জানতে চাওয়া প্রশ্নে লাইক দিয়েছেন এই অভিনেত্রী।
এর আগে গত ৩ জুলাই রাজধানীতে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানে প্রথমবারের মতো মা হতে যাওয়ার সুখবর জানান মৌসুমী হামিদ। অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই সহকর্মীদের চমকে দিয়ে নিজের মাতৃত্বের খবর প্রকাশ করেন অভিনেত্রী।
পরবর্তীতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমী জানান, সেপ্টেম্বর মাসে তাঁর সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। মাতৃত্বের প্রস্তুতির কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।
গত ১৪ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেত্রী। সেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
ইএইচ/




