সোশ্যাল মিডিয়ায় নিজের দুরবস্থা বর্ণনা করে আলোচনায় আসেন একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা শরদ কাপুর। এরপর তার পাশে দাঁড়ান সোনু সুদ। সহায়তার হাত বাড়ান সালমান খানও। শরদ সম্পর্কে আরও তথ্য দিয়েছেন তার বন্ধু হেমা চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছেও এ তথ্য।
হেমা জানান পোষা কুকুর খুঁজতে গিয়ে শরদের সঙ্গে পরিচয় তার। মুম্বাইয়ে যে বাড়িতে শরদের বাস কুকুর খুঁজতে খুঁজতে সেখানে চলে গিয়েছিলেন হেমা। অভিনেতাকে প্রথম দেখে আতকে উঠেছিলেন। সম্প্রতি অভিনেতার ঘরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। আবেদন জানান সাহায্যের।
অনেক দিন ধরে অবহেলায় দিন কাটছে শরদের। এরকম উল্লেখ করে হেমা বলেন, “হয়তো তখন থেকেই ওর হাতে কাজ আসা বন্ধ হয়ে গিয়েছিল। আমি ওর ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে শরদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। পরে আবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আর ফোন ধরেননি। আমি বলেছিলাম, ‘ওর আপনাদের প্রয়োজন।’ কিন্তু তার পরেও কোনো উত্তর পাইনি।”
দুই বছর গোসল করেননি শরদ। ওঠেননি বিছানা থেকে। স্বজনরাও খোঁজ নেয়নি তার। জানিয়ে হেমা বলেন, “তিন-চার জন মানুষ যেন ওর মৃত্যুর অপেক্ষায় ছিলেন। প্রায় ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছিল ও। কুকুরগুলোই আমাকে ওর কাছে পৌঁছে দিয়েছিল। আমি বরাবর সেই সব প্রাণীর পাশে দাঁড়াই, যারা নিজেদের কথা বলতে পারে না। কুকুরগুলো উদ্ধার করতে গিয়ে শরদের সঙ্গে দেখা হয়। ও দুই বছর স্নান করেনি, বিছানা থেকেও ওঠেনি। কেউ ফোন করে জানতে চায়নি ও খেয়েছে কি না। ধীরে ধীরে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল।”
হেমার আশংকা ওই সময় তিনি উদ্ধার না করলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। তিনি শুধু উদ্ধারই করেননি, তারপর থেকে শরদের দেখভালও করছেন। তবে শরদের ব্যক্তিগত কোনো তথ্য সামনে আনেননি হেমা। শুধু জানিয়েছেন অভিনেতার বান্ধবী রয়েছে। সন্তান সম্পর্কেও দেননি কোনো তথ্য।
আরআর




