জীবদ্দশায় সবার প্রশংসায় সিক্ত নানা পাটেকরের ওপর তনুশ্রী দত্তের আনা যৌন হেনস্তার অভিযোগ অনেকটা ছিল যেন চাঁদের গায়ে কলঙ্কের মতো। মৃত্যুর পরও বলিউড অভিনেতাকে হেনস্তাকারী হিসেবেই গালমন্দ করেন অভিনেত্রী। এতে অনেকের প্রশ্ন, আসলেই কি তনুশ্রী হেনস্তার শিকার হয়েছিলেন পাটেকরের দ্বারা? সেসবের উত্তর মিলল অভিনেতার বন্ধু মহেশ মঞ্জরেকরের থেকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা মহেশ তার প্রয়াত বন্ধু নানার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে আঠারো বছর আগের ঘটনা সামনে আনেন। শুরুতেই জানান, অকারণে অনেক কষ্ট পেয়েছেন নানা। দাবি করেন, সেদিন সেটে যারা উপস্থিত ছিলেন তাদের অনেকে তার চেনা। তারা ঘটনাটি তাকে জানিয়েছিলেন।

এরপর সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সেটে আমার পরিচিত সবাই আমাকে বলেছিলেন যে কিছুই ঘটেনি। আসলে কিছুই হয়নি। নানা পাটেকর অকারণে অনেক কষ্ট পেয়েছেন। এসব বিষয় এড়িয়ে চলাই ভালো। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এখন সবারই নিজস্ব মতামত থাকে, আর এর কোনো প্রতিকার নেই।”
এখানেই থামেননি মহেশ। তনুশ্রীকে নিয়ে কথা বলেছেন। তবে নাম উল্লেখ করেননি। অভিনেতার কথায়, “কিছু মানুষ এমন স্বভাবের হন— সবাই তাঁদের সমর্থন করলেও যদি একজন ব্যক্তি সমর্থন না করেন, তবে তাঁদের খারাপ লেগে যায়। সেটা ঠিক আছে। কিন্তু এরপর তাঁরা পুরোনো কোনো বিষয় টেনে আনেন। সেদিন কী ঘটেছিল, তা আমি জানি। সেটে উপস্থিত সবাই আমার পরিচিত ছিলেন। অকারণে বিষয়টিকে বড় করে দেখানো হয়েছিল।”

ঘটনা আঠারো বছর আগের হলেও নানার বিরুদ্ধে তনু মুখ খোলেন ২০১৮ সালে মিটু আন্দোলনে। তিনি জানান, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির গানের শুটিংয়ে তনুকে অশ্লীল স্পর্শ করেন নানা। এরপর আর তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি অভিনেত্রী। জানান, এর খেসারতও দিতে হয়েছিল তাকে। দাবি করেন সেসময় কোরিওগ্রাফার গণেশ আচারিয়াও ঘনিষ্ঠ হয়ে নাচতে জর করেছিলেন। প্রযোজকরাও তনুশ্রীর অভিযোগের বাইরে ছিলেন না। অভিনেত্রীর দাবি ছিল, সবাই মিলে তাকে নাস্তানাবুদ করেছিলেন।
আরআর




