শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মারা গেলেন ‘রোকযানা’ খ্যাত গায়ক সাহেদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

মারা গেলেন ‘রোকযানা’ খ্যাত গায়ক সাহেদ

জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী পান্থ কানাই। 

সাহেদের মৃত্যুর খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘ভাই আর আমাদের মাঝে নেই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছিল তাঁর। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

কিডনিজনিত সমস্যার পাশাপাশি স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস ভাইরাসজনিত রোগে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নব্বইয়ের দশক থেকে সংগীতের সঙ্গে যাত্রা সাহেদ আলীর। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন তিনি। তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’সহ বেশ কিছু গান তাঁকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।

১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর সংগীতজীবনে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সাহেদের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর