Dhaka Mail Logo

বিনোদন

অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে গায়ক শাহেদ 

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দিয়েছে। ফলে আজ বৃহস্পতিবার লাইফ সাপোর্টে নেওয়া হয় গায়ককে। খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।

শাহেদের বন্ধু এরশাদুল হক জানান বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণে গায়কের অবস্থা মারাত্মক অবনতির দিকে যায়। রক্তক্ষরণ শুরু হলে তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়। 

তিনি আরও জানান, কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছেন সাহেদ। এরমধ্যে অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলেছে। একাধিক জটিলতা একসঙ্গে থাকায় চিকিৎসাও কঠিন হয়ে পড়েছে। 

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। গত ২৪ অক্টোবর হঠাৎ শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করেন। 

ওই অবস্থায় তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে গত ৩১ অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের এইচডিইউতে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাঁকে রাজধানীর অন্য একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এবার দেওয়া হলো লাইফ সাপোর্ট। 

উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন শেখ সাহেদ আলী। ‘রোকযানা’ সাহেদ হিসেবে তিনি বেশি পরিচিতি। ১৯৯১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশের পর বেশ কয়েকটি আলোচিত অ্যালবাম ও গান উপহার দেন তিনি। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

আরআর