রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। আয়োজক কমিটি অনুষ্ঠানটির প্রচারের পোস্টার থেকে তাঁর ছবি সরিয়ে নতুন পোস্টারও প্রকাশ করেছে।

আয়োজকরা জানিয়েছেন, গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলি আসতে পারেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

রোববার (৮ নভেম্বর) সকালে আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামে ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬ অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে অনেক আর্টিস্ট আসবে। অনুষ্ঠানে পরীমণির অংশ নেওয়ার কথা থাকলেও সম্প্রতি ঢাকায় আদালত চত্বরে এক সাংবাদিককে অপদস্থ করার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 

এর পরিপ্রেক্ষিতে একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের প্রতিবাদ জানায়। এমনকি তাঁকে অনুষ্ঠানে রাখা হলে বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়। ফলে অতিথির তালিকা থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে। 

এ সিদ্ধান্তের পর পরীমণির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে আয়োজক কমিটি। ফলে আগামী ২৮ নভেম্বরের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকছে না। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলি আসতে পারেন। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। 

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম। পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

পোস্টারটি শেয়ার করে চট্টগ্রামের এক সাংবাদিক লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগবিতন্ডা হয়। পরীমণি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমণি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর