বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণ

আর্থিক লেনদেনের উৎসের খোঁজে পুলিশ, রিমান্ডে গ্যাংস্টারের স্ত্রী  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

আর্থিক লেনদেনের উৎসের খোঁজে পুলিশ, রিমান্ডে গ্যাংস্টারের স্ত্রী  

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। হরিয়ানা থেকে ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এ ঘটনায় মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানা পুলিশের সহায়তায় গত ১ নভেম্বর কার্নাল জেলা থেকে ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। সে লজিস্টিক্যাল সহায়তা করেছিল।

এদিকে অভিনেতার ওপর হামলার ঘটনায় অর্থ জোগান দেওয়ার অভিযোগে এক গ্যাং লিডারকে ১৬ নভেম্বর পর্যন্ত রিমান্ডে পাঠিয়েছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। এ ঘটনায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসামি ও শুটারদের কাছে অর্থ পৌঁছানোর একটি লেনদেনের সন্ধান পেয়েছে পুলিশ।

অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ গাড়ি চালক

মামলাটি তদন্তকারী মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতকে জানায়, গ্যাং প্রধান অনিল পন্ডিতের ভাইয়ের স্ত্রী সুনেহা পন্ডিতের মোবাইল নম্বর ব্যবহার করে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠানো হয়েছিল। সুনেহার স্বামী অভিষেক পন্ডিত বিদেশে বসে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট পরিচালনা করেন। অস্ত্রের মুখে সাধারণ মানুষদের থেকে আদায় করা চাঁদা জমা হতো অনিল পন্ডিতের অ্যাকাউন্টে। এরপর তার অ্যাকাউন্টে জমাকৃত ক্রিপ্টোকারেন্সি ভারতীয় মুদ্রায় পৌঁছে দিতেন স্ত্রীর অ্যাকাউন্টে। সেখানে থেকে টাইগার শ্রফের ওপর হামলাকারীদের অ্যাকাউন্টে বণ্টন করা হতো। 

পুলিশ আদালতকে জানায়, সুনেহা পুরো আর্থিক লেনদেনের বিষয়ে জানতেন। এমনকি তার সঙ্গে হামলারকারীরা নিয়মিত যোগাযোগ করতেন। পলাতক অভিযুক্তদের আটক করতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। গত ১ নভেম্বর হরিয়ানা থেকে সুনেহা পন্ডিতকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। 

আসামিপক্ষের আইনজীবী অজিনক্যা মিরগাল আদালতে দাবি করেন, সুনেহা সম্পূর্ণ নির্দোষ। এই অপরাধ সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তবে তদন্তের স্বার্থে বিচারক সুনেহাকে ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল গ্রাউন্ড থেকে বের হওয়ার সময় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে তিন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় অভিনেতা অল্পের জন্য বেঁচে গেলেও তাঁর গাড়ির চালক এবং এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর