অগণিত নারীর স্বপ্নের পুরুষ হয়েও জীবনটা একা কাটিয়ে দিচ্ছেন সালমান খান। অনেকের ডাক ফিরিয়ে দিয়েছেন! অনেকের মন কাড়লেও আঁচলে বাধা পড়েননি। এবার সাতসকালে সেই ভাইজানের কীর্তিকলাপে অবাক নেটিজনরা। হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্সে হাবুডুবু খাচ্ছেন!
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গল্পটি পর্দার। প্রকাশ পেয়েছে সালমানের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’র নতুন গান। তাতে সুরে সুরে প্রেমসাগরে ডুব দিতে চেয়েছেন অভিনেতা। বড় খবর হচ্ছে ‘তেরি সেক্সি বিউটি’ নামের গানটি গেয়েছেনও তিনি। তাতেই শোরগোল পড়েছে ভক্তশিবিরে। ভাইজানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে চিত্রাঙ্গদা সিংহকে।

আজ বুধবার ভোরে প্রকাশ পেয়েছে গানটি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়ে সালমান লিখেছেন, “ভোর ৫টা ১২ মিনিটে রওনা। বিমান ঠিক সময়েই ছাড়ছে। দুই পেগ হয়ে গেছে। এবার আমার সুন্দরীর সঙ্গে উড়তে চলেছি। জানি না কোথায় গিয়ে নামব!”
সাতসকালে প্রিয় নায়কের গান পেয়ে ভক্তকূল লুফে নিলেও ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। ছবির নামের সঙ্গে গানের কথা সামঞ্জস্যপূর্ণ না বলে দাবি তাদের। একজন লিখেছেন, “বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি দেশাত্মবোধক ছবিতে এ সব কী ধরনের কথা! এক জাতীয় বীরের চরিত্রকে কী বানিয়ে দেওয়া হলো!” তবে সেসবের জবাব দেননি ভাইজান।

শুরুতে ‘মাতৃভূমি’ সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে হয়। তাতেও অবশ্য রক্ষে হয় গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পেয়েছে মুক্তির অনুমতি।
আরআর




