সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘুমের মধ্যে মারা গেলেন অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

ঘুমের মধ্যে মারা গেলেন অভিনেতা 
অনুজ ঠাকুর

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর ঘুমের মধ্যে মারা গেছেন। গত ২৭ অক্টোবর রাতে ঘুমোনোর পর আর ঘুম ভাঙেনি তার। পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। 

গত ৩০ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে অনুজের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন তার বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। রূপেশ লেখেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি শুধু আমার বন্ধু ছিলে না, আমার ছোটভাইয়ের মতো ছিলে। জীবন সত্যিই অনিশ্চিত। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে, এটা মেনে নেওয়া ভীষণ কঠিন।’

প্রায় ১৭ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল রূপেশ ও অনুজের। ২০০৮ সালে ‘বন্ধন সাত জন্ম কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজের মধ্য দিয়ে তাদের পরিচয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তারা। বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রূপেশ জানান, বন্ধু চলে যাওয়ার মাত্র ১০ দিন আগে অনুজের সঙ্গে তার দেখা হয়েছিল।

সংবাদমাধ্যমকে রূপেশ বলেন, ‘খবরটা শুনে বিশ্বাস করতে পারিনি। রাতে ঘুমোতে গেল, আর সকালে উঠল না। কী হতে পারে, কিছুতেই বুঝতে পারছিলাম না।’ পরবর্তীতে অনুজের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের সঙ্গে দেখা করে মৃত্যুর আসল কারণ জানতে পারেন তিনি।

রূপেশ জানান, প্রতিদিন ভোর সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও জগিং করার অভ্যাস ছিল অনুজের। ঘটনার দিন ভোর সাড়ে ৪টায় অ্যালার্ম বেজে উঠলে মায়ের সন্দেহ হয়। এরপর ছেলেকে ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান মা। 

‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জানম কা’ এবং ‘মহিসাগর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর