মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফিটনেস ইনফ্লুয়েন্সার ও অনলাইন কোচ লিয়াম ফিটজেরাল্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে লিয়ামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর বান্ধবী জেমি লিন রিনালদি। তিনি জানান, গত ৩০ অক্টোবর রাত প্রায় ২টায় এক মর্মান্তিক দুর্ঘটনায় লিয়াম গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশের পাড়ি জমান তিনি। তাঁকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।
যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক এই তরুণ ইনফ্লুয়েন্সার সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। তিনি নিয়মিত স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস, ব্যক্তিগত জীবনধারা ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন পরামর্শমূলক কনটেন্ট শেয়ার করতেন। এছাড়া নিজের ওয়েবসাইটের মাধ্যমে তিনি ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।
লিয়ামের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ভক্ত, অনুরাগী ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করছেন। পাশপাশি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
ইএইচ/




