বলিউড চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত আর নেই। গত শনিবার মুম্বাইয়ের নিজ বাসভবনের রান্নাঘর থেকে নির্মাতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে রান্নাঘরে পড়ে গিয়েছিলেন এই নির্মাতা। সেখানে রাতভর তাঁর নিথর দেহ পড়ে থাকলেও বাড়িতে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও কেউ তা টের পাননি। পরবর্তীতে গত শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, প্রাথমিক ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে সঞ্জয় গুপ্তের শেষ বিদায়ে হাজির হয়ে পাপারাজ্জিদের দেখে আপত্তিকর ইঙ্গিতের অভিযোগ উঠেছে নির্মাতার মেয়ে দালাইর বিরুদ্ধে! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুডি দিয়ে মুখ ঢাকা অবস্থায় গাড়ির সামনের আসনে বসে থাকা ওই তরুণীকে চিত্রগ্রাহকদের উদ্দেশে হাসাহাসি করছেন এবং তাঁদের দিকে মধ্যমা প্রদর্শন করে একটি আপত্তিকর ইঙ্গিত দিচ্ছেন। এ সময় গাড়ির চালক এবং পেছনের আসনে থাকা অন্য একজন ব্যক্তি তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি তা গুরুত্ব দেননি।
যদিও ওই তরুণীর মুখ ঢাকা থাকায় পাপারাজ্জি দাবিটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অনেকই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন ভিডিওর ওই তরুণী নির্মাতার মেয়ে কি না?
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভারসোভা থানা পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত মৃত্যুর পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
সঞ্জয় গুপ্ত ১৯৯৪ সালে ‘আতশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘জং’, ‘কাঁটে’, ‘শুটআউট আট ওয়ালাডা’ এবং ‘কাবিল’-এর মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন। বিশেষ করে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত ও সুনীল শেঠি অভিনীত ২০০২ সালের ‘কাঁটে’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
ইএইচ/




