টাইগার শ্রফের ওপর হামলায় নড়ে উঠেছে বলিউড। তারকা থেকে সাধারণদের প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে। বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে থরো থরো অনেকে। বি-টাউনবাসীদের ওপর এ গ্যাংস্টারের ক্ষোভের সূত্রপাত সালমানকে দিয়ে। অভিনেতা কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই প্রতিহিংসার শুরু। কোথায় গিয়ে থামবে জানা নেই। তাই কেউ কেউ মনে করছেন লাগামটা ভাইজানই টানতে পারেন। সালমান খান ক্ষমা চাইলেই প্রশমণ হতে পারে লরেন্সের রাগের।
এরইমধ্যে বিষ্ণোই গ্যাংয়ের কাছে সালমানকে ক্ষমা চাইতে পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ভজনশিল্পী অনুপ জালোটা। তিনি মনে করছেন সালমানের ক্ষমা প্রার্থনা-ই হতে পারে এ সমস্যা সমাধানের একমাত্র উপায়। অন্যথায় বলিউডের যে কারও সঙ্গে টাইগারের মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ বলেন, “কৃষ্ণসার হরিণ হত্যা বিতর্ককে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের মনে যে আঘাত লেগেছে তার অবসান ঘটাতে সালমানের ক্ষমা চাওয়াই একমাত্র পথ। এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। এই সমস্ত কিছু বন্ধ করার একটাই উপায় রয়েছে। আর সেটা হল সালমান খানের ক্ষমা চাওয়া।”
বিষ্ণোই সম্প্রদায়ের দীর্ঘদিনের ক্ষোভ ও মানসিক যন্ত্রণাকে এড়িয়ে যাওয়া অনুচিত বলে মনে করেন এ ভজনশিল্পী। বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই সালমানের নমনীয় দরকার বলে তার পরামর্শ। জালোটা বলেন, “আমি আগেও এই কথা বলেছি। বিষ্ণোই সম্প্রদায় আঘাত পেয়েছে তাই তাদের কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় এই সম্প্রদায়টি বারবার আঘাত করবে। সালমান খানের সঙ্গে যাঁরা কাজ করেন তাঁরাও আক্রান্ত হবেন, এমনকী তাঁদের পরিবারের সদস্যরাও বিপদের মুখে পড়বেন। তাহলে কেন সবকিছুর অবসান ঘটাতে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? আমি এটাই চাই।”
গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে তিন অস্ত্রধারী হামলা চালায়। এ ঘটনায় তার গাড়িচালক এবং একজন পথচারী আহত হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের ধরতে মাঠে নামে পুলিশ। অভিযানে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
আরআর




