ভারতের উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী কুঞ্জপুরী মেলায় পারফর্ম করতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। নবরাত্রি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযোগ তুলে রাজ্যের এক ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ্য তার গান থামিয়ে দেন।
রোববার উত্তরাখণ্ডের তেহরি জেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
ঘটনার সূত্রপাত, কনসার্ট চলাকালীন উত্তরাখণ্ডের বনমন্ত্রী ও নরেন্দ্রনগরের বিধায়ক সুবোধ উনিয়াল হঠাৎ করে মঞ্চে উঠে পড়েন। মঞ্চে উঠে গায়ককে গান বন্ধ করতে বলেন। মন্ত্রী মেহেন্দিকে জানান, নবরাত্রি উপলক্ষে এই অনুষ্ঠান দুর্গামাতার পুজোর সঙ্গে যুক্ত। এমন অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাওয়া ঠিক নয়।

উনিয়াল বলেন, ‘এখানে দুর্গা মায়ের নবরাত্রির অনুষ্ঠান চলছে, আর আপনি মদ খেয়ে গান গাইছেন? এটা কোনোভাবে শোভনীয় নয়।’
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা আপনাদের ডেকেছি যাতে আমাদের সাধারণ মানুষ একটু বিনোদন পায়। কিন্তু আপনারা আমাদের বোকা বানাচ্ছেন। এটা খুবই অন্যায়। আপনাদের বড় নাম আছে, আমরা সেই সম্মানটাই রাখতে চেয়েছিলাম।’
মন্ত্রীর অভিযোগ, গায়ক ঠিকমতো কথা বলতে পারছিলেন না। এদিকে স্থানীয়দের অভিযোগ, তিনি গানের বদলে রেকর্ড করা গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছিলেন। যদিও গায়কের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, মন্ত্রীর এমন আচরণের জবাবে হাত জোড় করে দালের মেহেন্দী তাকে মঞ্চ ছেড়ে যাওয়ার বিনীত অনুরোধ করছেন।
ইএইচ/




