অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারতীয় মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। তিনি জানান, এক প্রকার অপহরণের মতো করে নিয়ে যাওয়া হয় তাকে। সেইসঙ্গে নিরাপত্তাহীনতার অভিযোগও আনেন এ মডেল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের আয়োজকেরা তাঁর পারিশ্রমিক মেটাননি, চূড়ান্ত পর্যায়ের অব্যবস্থাপনা ছিল সেখানে। প্রচারে তার ছবি ব্যবহার করা হয়েছে। আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে দাবি আকাঙ্ক্ষার।
অভিনেত্রী জানান, রাত রাত সাড়ে দশটার দিকে অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। তবুও তাকে নিতে আসেননি আয়োজকদের কেউ। অব্যবস্থাপনার কারণে পুলিশে অভিযোগ দেওয়ার হুঁশিয়ারিও দেন মডেল। আরও জানান, আয়োজকরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়নি তাকে। এ নিয়ে প্রশ্ন তুললেও করেছে অবজ্ঞা।
আকাঙ্ক্ষার কথায়, “জোর করে গাড়িতে বসিয়ে আমাকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। দর্শকের সামনেই গাড়ি থামিয়ে দেয় ওরা। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে টিম নেই, তাই আমি ভিতরে ঢুকতে পারব না। নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেগুলো হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা একটা ম্যানেজমেন্ট! এরা একেবারে চোর। সকলের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে অথচ...।”
তিনি বলেন, “আমাকে একরকম অপহরণই করে ফেলেছিল। আমি ওদের চড় মারার পর ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব। কাউকে ছাড়ব না।” এদিকে অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে আয়োজকরা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আরআর




